শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে একজন নিহত

Passenger Voice    |    ০৪:১৯ পিএম, ২০২৬-০৪-০৮


শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আব্দুস সামাদ (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের আপন ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (৮ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, হরিনগর এলাকায় একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে আব্দুস সামাদ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের ভাই সারোয়ার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠান। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।