মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখ প্রবাসী বাংলাদেশি নিয়ে চিন্তিত সরকার

Passenger Voice    |    ১২:০২ পিএম, ২০২৬-০৩-০৩


মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখ প্রবাসী বাংলাদেশি নিয়ে চিন্তিত সরকার

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের ৬০ লাখ প্রবাসী বাংলাদেশি নিয়ে চিন্তিত বাংলাদেশ সরকার। চলমান যুদ্ধে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান ঘাঁটিতে হামলা করে গুঁড়িয়ে দিচ্ছে ইরান।সেই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কবলে পড়েছেন। এরফলে দুই বাংলাদেশি নিহত ও সাতজন আহত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার।

মধ্যপ্রাচ্যের যে দেশে প্রবাসীরা হামলার শিকার হয়েছেন সেসব দেশের মধ্যে রয়েছে

সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার ফলে ধ্বংসাবশেষের আঘাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নামে এক বাংলাদেশী নাগরিক প্রাণ হারিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হওয়া মাত্রই নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।

​বাহরাইন: বাহরাইনে একজন বাংলাদেশী নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন এই ঘটনার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে।

​কুয়েত: কুয়েত সিটির সিভিল এয়ারপোর্টের কাছে ড্রোন হামলায় চারজন বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। আহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। তাঁরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এবং বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আহতদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে হাসপাতালে তাঁদের দেখতে গিয়েছেন।

​এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে আটকা পড়েছে। জাহাজটির ক্যাপ্টেনের সাথে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ক্রু সদস্যদের সকলেই নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

​বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তপ্ত পরিস্থিতিতে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করছে এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা দূতাবাস গুলোকে নাগরিকদের জন্য সতর্কতা জারি করে এবং স্থানীয় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়েছে।

 

 

প্যা/ভ/ম