শিরোনাম
Passenger Voice | ১১:০৭ এএম, ২০২৫-০৯-২৮
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দুর্গা পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপ নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চসিক কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা চট্টগ্রামকে সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। সেজন্য ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়তে সব নাগরিককে দায়িত্বশীল হতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নগরীর লালদিঘীর চসিক পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপে সিটি কর্পোরেশনের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
এ সময় নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপে ৫ লাখ টাকা এবং আরও ২৬৯টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন মেয়র।
পূজার পর মণ্ডপ এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, পূজা কার্যক্রম শেষে প্রতিদিনের ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। অন্যথায় তা নালা-খালে পড়লে জলাবদ্ধতা সৃষ্টি হবে। নাগরিক হিসেবে পরিচ্ছন্নতা রক্ষায় সবাই দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, সেফ সিটির অর্থ হলো– সব ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের মানুষ যেন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
আমরা বিভেদ নয়, বরং ঐক্য দেখতে চাই। এ শহর আমাদের সবার, তাই সবার দায়িত্ব একে বাসযোগ্য ও নিরাপদ রাখা।
এ সময় আরও উপস্থিত ছিলেন– চসিক সচিব আশরাফুল আমিন, সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন কমিটির সভাপতি আশুতোষ দে, সাধারণ সম্পাদক সৌমনাথ দাশ রাজু, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ প্রমুখ। সূত্র : বাসস।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত